বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, শিল্প কারখানা নিয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। জীবনের শুরু থেকেই শিল্প কারখানা গড়ে তুলে প্রতিষ্ঠিত হয়েছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বস্ত্র ও পাট শিল্পকে এগিয়ে নিয়ে যাবো।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, কর্মক্ষেত্র তৈরি করতে হলে বস্ত্র ও পাট শিল্পে আরো বেশি অবদান রাখতে হবে। বেকারত্ব দূর করতে নতুন নতুন শিল্প তৈরি করতে হবে।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে মন্ত্রী বলেন, ৭২ এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশে ফিরে আসলে আমরা আনন্দে উচ্ছ্বসিত হই। তিনি আমাদের একটি স্বাধীন দেশ উপহার দেন। এখন এ দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্পর্কে তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলেই তাকে ভালোবাসতো। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় রূপগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
পরে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সুশীল সমাজ ফুলেল শুভেচ্ছা জানায়।