সাভারে ডিশ ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ ৪

সাভারে  আধিপত্য বিস্তার ও  ডিশ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ৭ জন।  গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার শাহীবাগ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার পৌর যুবদলের সহ-সভাপতি ইউনুছ পারভেজ দীর্ঘদিন যাবত্ শাহীবাগ এলাকায় ইন্টারনেটের ব্যবসা করে আসছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় যুবলীগ নেতা রাসেল মাদবর ইন্টারনেট ব্যবসা তার দখলে নেওয়ার চেষ্টা করে। এরই জের ধরে গতকাল দুপুরে যুবলীগ নেতা রাসেল মাদবরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইউনুস পারভেজের অফিসে হামলা চালায় ও ভাঙচুর করে। খবর পেয়ে ইউনুস ও তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহীবাগ এলাকায় যুবলীগ নেতা রাসেল মাদবরের বাড়িতে হামলা চালাতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। সংঘর্ষের সময় এলাকার ইসমাইল, মিরাজুল ইসলাম অপু, রেজাউল, শরীফ গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ৭ জন। আহতদের  উদ্ধার করে চিকিত্সার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবদল নেতা ইউনুছ পারভেজ বলেন, রাসেল মাদবর আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তার লোকজন আমার অফিসে হামলা ও গুলি চালিয়েছে।

এ অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা রাসেল মাদবর বলেন, যুবদল নেতা ইউনুস পারভেজ আমার ব্যবসা দখল করার জন্যই আমার লোকজনের উপর হামলা এবং আমার বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।