চলন্ত ট্রেনের ছাদে গণছিনতাই

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রেনের ছাদে ভ্রমণকারী দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন সাব্বির (১৯) ও মনির (২৫)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাব্বির জানান, তারা কিশোরগঞ্জের বাজিতপুর থেকে এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে ঢাকার কমলাপুর আসছিলেন। সন্ধ্যায় তেজগাঁও রেলস্টেশন অতিক্রম করার পর ৫/৬ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে সাব্বিরের উরুতে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল সেটটি নিয়ে যায়। পাশাপাশি মনিরকে ডান পাজোরে ছুরিকাঘাত করে। তবে তার কাছ থেকে কিছুই নিতে পারেনি। ঐ সময় ট্রেনটি আস্তে আস্তে যাচ্ছিল। এসময় আরো ২/৩ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে নেমে যায়। পরে কমলাপুর রেলস্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।