অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। জানা গেছে, অপু অসুস্থ থাকায় বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি সুস্থ হলে রিমান্ডে নেয়া হবে। মিয়া নুরুদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
গত ২৫ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেকসহ তিনজনকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। টাকাগুলো ‘একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য’ দুবাই থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সে সময় সংবাদ সম্মেলনে জানান র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও গ্রেফতারকৃতদের একজন হাওয়া ভবনে কাজ করত বলে উল্লেখ করেন র্যাব মহাপরিচালক। এ ছাড়াও অফিস থেকে নুরুদ্দিন অপুর পোস্টার পাওয়া যায়।