চার কেজি গাঁজাসহ রিপন (৩৭) নামে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ডের আবেদন করে শনিবার টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন রশিদ দেওহাটা এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে রোদেলা হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশের বাসা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
রবিবার মির্জাপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান এবং উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রশিদ দেওহাটা এলাকায় রোদেলা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সোহেল রানা হোটেল ব্যবসার অন্তরালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। হোটেলে খেতে আসা ট্রাক, কাভার্ড ভ্যান, লেগুনা এবং বাস চালক ও পরিবহন শ্রমিকদের নিকট কৌশলে মাদক বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদ পেয়ে গত শুক্রবার রাতে হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে হোটেলের মালিক সোহেল রানা কৌশলে পালিয়ে যায়। হোটেলের পাশে বাসায় অভিযান চালিয়ে প্রথমে মাদক ব্যবসায়ী রিপনকে প্যান্টের পকেটে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক বিছানার ভিতরে রাখা বস্তায় ভর্তি চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। রিপনের পিতার নাম মো. ফজলুর হক, গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার সিংজুরি গ্রামে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, মাদক কারবারী রিপনকে প্রচলিত আইনে মামলা দিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের প্রথম দিনে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।পলাতক আন্তঃজেলা মাদক ব্যবসায়ী সোহেল ও তার সহযোগিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
ইত্তেফাক/এমআরএম