রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোত্সব শুরু

রাঙ্গামাটি রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান  কঠিন চীবর দানোত্সব আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। দুপুর ১টায় পুণ্যবর্তী উপাসিকা বিশাখা প্রবর্তিত নিয়মে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ২দিনব্যাপী বৌদ্ধদের ৪৫তম এ মহাপুণ্যযজ্ঞ শুরু হবে। এরপর সূত্রপাঠ করে বেইন ঘর উদ্বোধন করবেন মহাপরিনির্বাণগত মহাসাধক শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যমণ্ডলীগণ।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে উত্সবমুখর হয়ে উঠেছে রাজবন বিহারের পুরো এলাকাসহ গোটা রাঙ্গামাটি শহর। উত্সবে যোগ দিতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটছে। উত্সব ঘিরে রাজবন বিহার এলাকায় বসেছে মেলা। ধর্মীয় কীর্তন, নাটক, চরকায় সুতা কাটা, বেইন বোনা, কল্পতরু শোভাযাত্রাসহ চলছে বর্ণাঢ্য নানা আয়োজন।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান জানান, দুপুরে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে দু’দিনের আনুষ্ঠানিকতা। বিকাল ৩টায় চরকায় সুতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৪ ঘণ্টার মধ্যে চীবর (বৌদ্ধ ভিক্ষুদের ব্যবহার্য বস্ত্র) তৈরি করে দানীয় উত্সবের। রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় ও রানী ইয়েন ইয়েন রায় চরকায় সুতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বেইন বোনা ঘর। এটা চলবে পরদিন সকাল ৬টা পর্যন্ত। এরপর দুপুরে কঠিন চীবর উত্সর্গ ও দান করা হবে।