গুরুদাসপুরে ফেন্সিডিলসহ মিনিট্রাক আটক

তুলাভর্তি একটি মিনি ট্রাকে ফেন্সিডিল বহনের সময় দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এসময় মিনি ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

রবিবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের কাছিকাটা টোলপ্লাজায় তাদের আটক করে গুরুদাসপুর থানা পুলিশ।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার দৌলদিয়া উপজেলার মৃত গফ্ফারের ছেলে মনিরুজ্জামান দোয়েল (২৬) ও একই জেলার নথিডাঙ্গার মৃত মজিবুল ভুঁইয়ার ছেলে টগর (২২)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার এসআই আব্দুল মজিদ জানান,তিনি টহল টিম নিয়ে মহাসড়কে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মিনি ট্রাকে (ঢাকা মেট্রো-এনএ-২০-৩৮০১) মাদক বহনের খবর পান। রবিবার রাত ৮টার দিকে টোলপ্লাজায় তুলাভর্তি ওই ট্রাকটি তল্লাশি করে তুলার নিচে চারটি বড় ট্যাংকের ভেতর ওই ৫শ বোতল ফেন্সিডিল পান। এসময় ফেন্সিডিল ও ট্রাকটি জব্দ করে দুই মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

ইত্তেফাক/এমআরএম