ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলো সড়কের ২৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে সড়কের পিচ। এছাড়া ২৩ কিলোমিটার এ সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৩ কিলোমিটার সড়কের মধ্যে ৪ কিলোমিটার রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের ৫ দিনের মাথায় কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রায় আধাকিলোমিটার রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়ায় হাত দিলেই উঠে যাচ্ছে।
জানা গেছে, পিএমপি প্রকল্পের অধীন ঝিনাইদহের ডাকবাংলা বাজার-কালীগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার মজবুতিসহ ওয়ারিংকোর্সের কাজ চলছে।
খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাজটির প্রকৃত ঠিকাদার। তবে বাস্তবে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এ সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
আরো পড়ুনঃ ডাকসু ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
এলাকাবাসী জানায়, ৫ দিন আগে পিচ ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় পিচ ঢালাইয়ের ৫ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ পাশাপাশি সড়কটির মাঝে দেখা দিয়েছে বড় ধরনের ফাটলের। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহম্মদ জিয়াউল হায়দারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এরপর ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমএএম