সাভারে সড়কে গাছ ফেলে মাছ ভর্তি ট্রাকে ডাকাতি মারধর, আহত ৪

সাভারে সড়কে গাছের গুঁড়ি ফেলে মাছ ভর্তি ট্রাকের গতিরোধ করে মাছ ব্যবসায়ীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় তারা ট্রাকে ভাংচুর এবং চালক ও সহকারীদেরও মারধর করে। গতকাল বুধবার ভোরে সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের অরুনা পল্লীর সামনে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় বাধা দেওয়ায় মোঃ আজিজুল হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে মারধর করে পা ভেঙ্গে দিয়েছে ডাকাতরা। এছাড়া সেকান্দার (৩৫) শামিনুর (৩৮) এবং আমিনুলসহ (৪০) বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জানান, রাজশাহীর ভবানীগঞ্জ ও বাগামারা থেকে ৭টি ট্রাকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে সাভারের বিরুলিয়া ব্রিজ দিয়ে রাজধানীর মিরপুরে আসছিল তারা। গাড়িগুলো সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি দিয়ে ঢুকে মিরপুর আসার পথে অরুনা পল্লী এলাকায় পৌঁছলে হঠাত্ রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। এ সময় বড় বড় রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা মাছের গাড়িগুলোতে ভাংচুর এবং গাড়িতে থাকা লোকজনকে মারধর করে। তিনি বলেন, প্রতিটি গাড়িতে দুই থেকে তিন লাখ টাকার মাছ ছিল। ডাকাতরা মাছ না নিলেও ব্যবসায়ীদের মারধর করে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করেছে। ট্রাকগুলো ভাংচুর করায় প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, রাতে অরুনা পল্লীর সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ সদস্যরা টহলে থাকায় দুর্বৃত্তরা পিছু হটে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।