মহেশপুরে ফেন্সিডিলসহ আটক ৩

বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাকিলাদাড়ি নামক স্থান থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়,যাদবপুর সীমান্ত থেকে ঢাকা মেট্রো-গ-৪২-৩৫৫৪ নম্বর এর একটি প্রাইভেটে করে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে মহেশপুর খানার ওসি সাইফুল ইসলাম, এসআই হায়াত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মহেশপুর বাসস্ট্যান্ডে গাড়িটির গতিরোধ করলে তারা পুলিশের সিগনাল না মেনে দ্রুত পালানোর চেষ্টা করে, পুলিশের গাড়ি তাদের পিছু ধাওয়া করলে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ি পুলিশ বক্রের কাছে দায়িত্বরত এসআই সজল, এসআই রাকিব ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। তাক্ষণিকভাবে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম ঘটনাস্থলে হাজির হয়। তাদের উপস্থিতিতে গাড়ি তল্লাশি করে ২ বস্তা ফেন্সিডিল পাওয়া যায়। যার পরিমাণ ৫৮৫ বোতল।  মাদক ব্যবসায়ীদের গন্তব্য স্থল ছিল নারায়নগঞ্জ।

আটককৃতরা জানায়, তারা মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ফেন্সিডিল সংগ্রহ করেছে। তারা আরো জানায়, মোবাইলে মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হয়েছে। আটকরা হলো-নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ঝালকুড়ি তালতলা গ্রামের মৃত নবর আলীর ছেলে হানিফ(৪৮), মৃত ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেন দিপু(৩৪) ও একই জেলার রুপগঞ্জ থানার বড়পা গ্রামের মৃত রহমত আলীর ছেলে শফিকুল ইসলাম(৩০)।  

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি মাধ্যমে মহেশপুর উপজেলায় মাদক ব্যবসায় সহায়তাকারি ও বিক্রেতাকারিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

ইত্তেফাক/এমআরএম