দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত, অপেক্ষায় শত শত পণ্যবাহী গাড়ি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ রুটে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাড়েই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘাট সচল না থাকা, প্রবল স্রোত, নদীর নাব্যতা সঙ্কট, ফেরির সল্পতা, ঘন ঘন ফেরি বিকল, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ঢাকাগামী শত শত পণ্যবাহী ট্রাক ও কার্ভার্ড ভ্যানের দীর্ঘ সারি দেখা গেছে। অপরদিকে দৌলতদিয়া ঘাট থেকে ১২ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক মহাসড়কে দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছে। মানুষের দুর্ভোগ কমাতে যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। তবে পণ্যবাহী গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন।  

ঘাট সমস্যা
দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি ঘাট রয়েছে যার মধ্যে ১ নং ও ২ নং ঘাট দুটি গত বছরের বর্ষা মৌসুমে নদী ভাঙনের কারণে বন্ধ হয়ে যায়। এক বছর পার হয়ে গেলেও ওই ঘাট দুটি এখন পর্যন্ত সচল হয়নি।এতে করে ঘাট সমস্যা লেগেই আছে। তবে এ সমস্যা সমাধানের জন্য নতুন একটি (৭নং) ঘাট তৈরির কাজ করছে কর্তৃপক্ষ। এই ঘাটটি সচল হতে আরও কিছুদিন সময় লাগবে।   

প্রবল স্রোত
নৌপথের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এখনো প্রবল স্রোত রয়েছে। সেখানে চলাচলকারী ফেরিগুলো স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে পারাপারে সময় অনেক বেশি লেগে যাওয়ায় সেখানে ফেরির ট্রিপসংখ্যা কমে গেছে। এ অবস্থায় ফেরিপার হতে আসা বিভিন্ন গাড়ির চাপ বেড়ে উভয় ঘাটে যানজট সৃষ্টি হচ্ছে।

নাব্যতা সঙ্কট
দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের নদীর পানি কমে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে প্রায়ই ডুবোচরের কারণে নাব্যতা সঙ্কট সৃষ্টি হয়। জানাযায়, প্রতিটি রো রো (বড়) ফেরি চলাচলরে জন্য কমপক্ষে ৮ ফিট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু ওইখানে প্রয়োজনীয় পানির গভীরতা না থাকায় বড় ফেরিগুলোর স্বাভাবিক চলাচলে বিঘœ ঘটে। ফেরিগুলো মারাত্মক ঝুঁকির মুখে চলাচল করার ফলে ডুবোচরের বালুর ঘর্ষণে ফেরির তলদেশে থাকা গুরুত্বপূর্ণ ‘প্রপেলার’ ও ‘বুশ’ ক্ষয়ে গিয়ে ফেরির মারাত্মক ক্ষতি হয়ে বড়ফেরিগুলো ঘন ঘন বিকল হয়ে পড়ছে। তবে, নাব্যতা সঙ্কট মোকাবেলায় দৌলতদিয়া পাটুরিয়া চ্যানেলের পয়েন্টে ড্রেজার দিয়ে খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ।

ফেরি স্বল্পতা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারি অধিকাংশ ফেরি বহু বছরের পুরনো। সার্বক্ষণিক সচল রাখতে গিয়ে ইঞ্জিন সমস্যাসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ওই ফেরিগুলো ঘন ঘন বিকল হয়ে পড়ছে। এ কারণে এই নৌপথে লেগে থাকা ফেরির সঙ্কট সহসা কাটছে না। বর্তমান এই নৌপথের বহরে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে ১০টি রো রো (বড়) ফেরি ৩টি ইউটিলিটি (মাঝারি) ও ২টি কে-টাইপ (ছোট্র) ফেরি সচল রয়েছে এবং ৩টি ফেরি  বিকল হয়ে পাঁটুরিয়া মধুমতি ভাসমান কারখানায় মেরামতের জন্য পাঠানো হয়েছে। এদিকে ঘাটের গুরুত্ব বিবেচনায় এই নৌপথে প্রয়োজনীয় সংখ্যক ফেরি সচল না থাকায় সেখানে স্বাভাবিক ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।

গাড়ির চাপ বৃদ্ধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতিদিন কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরিপারাপার হয়ে থাকে। এদিকে  শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক না থাকায় এর প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গাড়ির চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেড়ে গেছে। ফলে ফেরিপারের অপেক্ষায় বিভিন্ন গাড়ি আটকা পড়ে উভয় ঘাটে জানজট লেগেই থাকছে। বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ঢাকাগামী শত শত বিভিন্ন গাড়ি। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও কার্ভার্ড ভ্যানের সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে দৌলতদিয়া ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় আঞ্চলিক রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক এলাকায় দৌলতদিয়া ঘাটগামী পণ্যবোঝাই প্রায় ২ শতাধিক ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। ঘাটপরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ওই ট্রাকগুলো সেখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। 

এদিকে বেনাপোল থেকে কুচি পাথর বোঝাই ট্রাক চালক মো. সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, গত তিন দিন যাবত গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকে আছি। অথচ আজ বৃহস্পতিবার যে গাড়িগুলো এসেছে তারা দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে আজই ঘাটে এসে ফেরি পার হয়ে যাচ্ছে। 

একই অভিযোগ জানালেন বেনাপোল থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাকের চালক মো.জাকির হোসেন। 

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, পদ্মায় প্রবল ¯্রােতের কারণে আজও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলোকে পার হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে । এছাড়াও শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না থাকায় ওই যানবাহনের বাড়তি চাপে ঘাট এলাকায় ট্রাকের লম্বা সারি তৈরি হচ্ছে। এই নৌরুটে বর্তমানে মোট ১৮টি ফেরি রয়েছে,এর মধ্যে ৩টি ফেরি বিকল থাকায় ১৫ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। তবে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধীকার ভিত্তিতে পার করা হচ্ছে।

ইত্তেফাক/এসি