বগুড়ার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার কালাই-পীলখঞ্জ রাস্তার পাশ থেকে সৈয়দ আপেল মাহমুদ (২৯) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এক ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ী সৈয়দ আপেল মাহমুদ (২৯) গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোগলতুলি কামারদহ গ্রামের সৈয়দ আবদুল ওহাবের ছেলে।

গতকাল শুক্রবার দুপুরে নিহতের চাচা সৈয়দ আবদুল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আবদুল করিম বলেন, তাঁর ভাতিজা আমদানি-রপ্তানিকারক ছিলেন। তাঁর মাকে চিকিত্সার জন্য বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করানো হয়। আপেল তাঁর মাকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালেই ছিলেন। তিনি ওই দিন ব্যাংক থেকে ৯১ লাখ টাকা তুলে নিজের কাছেই রেখেছিলেন। দুর্বৃত্তরা তা টের পেয়ে তাঁকে ডেকে নিয়ে গিয়ে টাকা লুট করে হত্যা করেছে।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের মা আয়েশা বেগম গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালে মারা গেছেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড বর্মণ বলেন, সিনথেটিক তারের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আপেলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ফেসবুকে সংবাদ দেওয়ার পর সকালে পরিবারের লোকজন থানায় এসে লাশটি শনাক্ত করেছে।