হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে সওজের জায়গা দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল এগারটা থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন জমি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, নাজিরহাট পুরাতন বাসস্টেশনের ২০ গজ দূরে নতুন রাস্তার উত্তরে প্রায় ৩০০ মিটারের মাথায় মহাসড়কের পূর্ব পাশে সওজের জমি দখল করে ৪/৫টি সেমিপাকা দোকান তৈরি করা হচ্ছিল। উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহল আমিন জানান, অভিযানে সওজের প্রায় কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে।