গাজীপুরের কালীগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সাহেদ মিয়া (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই মোটরসাইকেলের বাকি দুই আরোহী। বুধবার দুপুরে উপজেলার দুর্বাটি-বক্তারপুর সড়কের পৈলানপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের শাহিন মিয়ার ছেলে। সে জাঙ্গালীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলো, একই ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের সোলেমান দর্জির ছেলে সালাউদ্দিন দর্জি (১৮) ও দড়ি জাঙ্গালীয়া গ্রামের উলি উল্লাহ মোড়লের ছেলে শাহিন মোড়ল (১৮)। বক্তারপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী রিপন জানান, সাহেদসহ তিনজন মোটরসাইকেলে দ্রুতগতিতে জাঙ্গালীয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সামনে থাকা মোটরসাইকেল আরোহী সাহেদ নিহত হয়। বাকি দুই আহতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক তানিয়া ইসলাম মিতু জানান, আহত দুইজনের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান জানান, নিহতের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ট্রাক্টরটি থানা হেফাজতে রয়েছে।