ঝিনাইদহের শৈলকুপা উপজেরার হাজামাপাড়া গ্রামের মাঠে শ্যালো মেশিনের ঘর থেকে নিখোঁজের ৫ দিন পর সুজন ( ২১ ) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুজন আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।
সুজনের চাচা শফিউদ্দিন জানান, রবিবার বিকালে শৈলকুপা টেলিফোন একচেঞ্জ ভবনের সামনে থেকে রাকিব ও সাকিব টাকা দেওয়ার কথা বলে সুজনকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।বৃহস্পতিবার রাতে হাজামপাড়া গ্রামের ধান ক্ষেতের ভিতর একটি শ্যালো মেশিনের ঘরের মাটি খুঁড়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ৩ জনকে আটক করে। তারা হচ্ছে, শৈলকুপা উপজেলার হাজামপাড়া গ্রামের বাবলু শেখের ছেলে সাকিব ( ২০ ), কলিম উদ্দিনের ছেলে নাজমুল ( ১৮ ) ও আলমগীর হোসেনের ছেলে কিশোর হৃদয় ( ১৫ )। জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে কিশোর হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম