ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের বিধ্বস্ত লেকের পাড় সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে এ পর্যটন কেন্দ্রটি। এখন আর এ লেকে চলে না পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোট। লেকটিতে নেই পানি। বিধ্বস্ত লেক নির্মাণের অভাবে এখন তা গো-চরণ ভূমিতে পরিণত হয়েছে। কমতে শুরু করেছে ভ্রমণ-বিলাসীদের আগমন। গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের প্রধান আকর্ষণ ছিল এ লেকটি। ১৯৯৩ সালে তত্কালীন জেলা প্রশাসক আতাউর রহমান মজুমদার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গারো পাহাড়ের সৌন্দর্যকে ঘিরে গড়ে তোলেন এ পিকনিক স্পটটি। মৌজার নামানুসারে নামকরণ করা হয় গজনী অবকাশ বিনোদন কেন্দ্র। তখন লেকটি লিজ নেন শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি ইদ্রিস মিয়া। এরপর লেকের উপর ভাসমান একটি অবসর কেন্দ্র, পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোট চলাচলের ব্যবস্থা করেন। এতে লেকটি হয়ে উঠে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের প্রাণ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত-শত ভ্রমণবিলাসীরা ওই পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোটে চড়ে আনন্দ উপভোগ করতেন। এখান থেকে আসতো বিপুল পরিমাণের রাজস্ব।
জানা গেছে, লেকটির লিজের মেয়াদ শেষ হয়েছে আরো ক’বছর পূর্বেই। ২০১৪ সালে আকস্মিক পাহাড়ি ঢলে লেকের একটি পাড় বিধ্বস্ত হয়। এতে পানিশূন্য হয়ে পড়ে লেকটি। এরপর লেকের বিধ্বস্ত পাড়টি আর সংস্কার করা হয়নি। ফলে লেকটিতে এখন আর চলে না পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোট। তাই জরুরি ভিত্তিতে লেকটির বিধ্বস্ত পাড় সংস্কার করে কেন্দ্রের প্রাণ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, লেকের পাড় সংস্কারের ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।