আনসার সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ!

বরিশাল অফিস

চট্টগ্রামে তিন বছর দায়িত্ব পালন শেষে ৬ মাসের ছুটিতে থাকা সঞ্জীব নামের এক আনসার সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ কৃষক ফেডারেশনের কার্যালয় দখল, বাসাবাড়িতে লাইসেন্সধারী অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও কৃষাণী সভার সভানেত্রী বিষয়টি লিখিতভাবে বরিশাল সিটি মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আনসার ভিডিপির বিভিন্ন দপ্তরে আবেদন প্রেরণ করেছে। আবেদনের প্রেক্ষিতে জানা গেছে, নগরীর কাউনিয়া প্রধান সড়ক এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আনসার কমান্ডার পরিচয়ধারী সঞ্জীব বেশ কিছুদিন যাবত্ কাউনিয়া প্রধান সড়ক এলাকার আকন ভিলা এলাকায় চাঁদা দাবি করে আসছে। ছুটিতে থাকা এ আনসার সদস্য নিজেকে আনসার কমান্ডার পরিচয় দিয়ে অপরিচিত লোকদের ভুয়া গোয়েন্দা পুলিশ সাজিয়ে সাধারণ লোকদের নানা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। গত শনিবার চাঁদা না দেওয়ায় আনসার কমান্ডার পরিচয়ধারী সঞ্জীব ও তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে কৃষক ফেডারেশনের জেলা সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাংলাদেশ কৃষক ফেডারেশনের জেলার সাধারণ সম্পাদক হালিম মুহুরী জানান, আনসার কমান্ডার সঞ্জীব অস্ত্র নিয়ে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করায় তারা সরকারের বিভিন্ন পর্যায়ে এর প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ জানান, বাংলাদেশ কৃষক ফেডারেশনের মাধ্যমে একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। আনসার সদস্য সঞ্জীব তিন বছর চট্টগ্রামে কর্মরত থেকে বর্তমানে ৬ মাসের ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছেন। সে আনসারের একজন সাধারণ সদস্য মাত্র। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।