সাভারে গ্যাস লাইনের লিকেজের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু

সাভারে একটি বাড়ির গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

বুধবার ভোরে হেমায়েতপুরের মোল্লাপাড়ার একটি ভাড়া বাসায় এ গ্যাস লিকেজের ঘটনা ঘটে।  নিহতরা কুষ্টিয়ার সাইফুল ইসলাম (৩০) ও গোপালগঞ্জের ফরিদ হোসেন (২০)। হাবিবুর রহমান (৩০) নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা পেশায় সবাই টাইলস মিস্ত্রি বলে জানা গেছে।

জানা গেছে, সাইফুল, ফরিদ ও হাবিবুর ওই এলাকার মাসুদ মিয়ার দ্বিতীয় তলা বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। গত বুধবার ভোর ৫টার দিকে ওই ঘরে তিতাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে তাঁরা দগ্ধ হন। স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে সাইফুল ও ফরিদ মারা যান।

সাভার থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, মাসুদ মিয়ার বাড়ির গ্যাসের লাইনটি অবৈধ। এ কারণে ঘটনার পর কাউকে না জানিয়ে গোপনে দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির মালিক পালিয়ে যান।

 

ইত্তেফাক/আরকেজি