চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, মেডিক্যালে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেমন ভালো চিকিত্সক হওয়া প্রয়োজন, পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াও প্রয়োজন। ভালো মানুষ হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, তার জন্য একটি বড় সামজবদ্ধ পরিসর রয়েছে। সেই পরিসরটাই হচ্ছে বাবা-মা।
তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের প্রথম ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, একজন চিকিত্সক হিসেবে আমি বলব যারা নতুন শিক্ষার্থী তাদেরকে অবশ্যই একজন রোগীকে তার আচার-আচরণে খুবই আন্তরিক হয়ে চিকিত্সা দিতে হবে। আর তা না হলে যত ভালো চিকিত্সকই হউক না কেন একটি ঘাটতি থেকে যাবে।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জালাল সালাহ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও শিক্ষার্থীদের পক্ষে নামিয়া নওরিন।
এ সময় শিক্ষামন্ত্রী নিজে মঞ্চ থেকে নেমে নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।