আশুগঞ্জে ব্যাংকের ভল্ট লুট করতে নৈশ প্রহরীকে খুন

ভল্টের টাকা লুট করতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার নৈশপ্রহরীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। দুর্বৃত্তরা ব্যাংকের লকার ভাঙলেও ভল্ট ভাঙতে পারেনি। তবে ব্যাংকের বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙে কাগজপত্র তছনছ করেছে। শনিবার রাতে উপজেলার গোলচত্তরের পাশে নজরুল ডাক্তারের বিল্ডিংয়ের দ্বিতীয়তলা থেকে নৈশপ্রহরী রাজেশ বিশ্বাসের (২৫) হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলাকার হীরোদ বিশ্বাসের ছেলে। তিনি বিডিবিএল ব্যাংকে ২০১৮ সালের মে মাস থেকে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা এসে ভিতরে যাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রাজেশের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুইজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা ব্যাংকের লকার ভাঙ্গলেও ভল্ট সুরক্ষিত আছে। যার কারণে নগদ কোনো টাকা খোয়া যায়নি। তবে টেবিলের বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে এবং একটি ল্যাপটপ নিয়ে গেছে। এছাড়া ব্যাংক ভবনের উত্তর পাশের জানালার গ্রিল কাটা পাওয়া যায়। 

বিডিবিএল ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোবাশ্বের হোসেন সাংবাদিকদের জানান, রাজেশের মৃত্যুর বিষয়ে থানায় একটি হত্যা মামলা ও ব্যাংকের ভল্টের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হবে। 

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ফুলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইত্তেফাক/এসি