আওয়ামী লীগের কাছে ঢাকায় ৫টি ও নারায়ণগঞ্জে ৩টি আসন চাইবে জাপা

মহাজোটগত নির্বাচন করার লক্ষ্যে যেসব আসন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষি করবে সেটির তালিকা প্রায় চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। দলটির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকাশ্যে একশ আসন চাওয়ার কথা বলা হলেও কার্যত ৭০-৭৫টি আসনের তালিকা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বসবে দলটি। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৫টি ও নারায়ণগঞ্জে ৩টি আসনে ছাড় না দেওয়ার বিষয়ে শক্ত অবস্থান নেবে জাপা। এ ছাড়া রাহেলা পারভীন শিশিরের জন্য গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনটিও দাবি করা হবে জাপার পক্ষ থেকে।

ঢাকার পাঁচটি আসনের মধ্যে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ নিজের জন্য ঢাকা-১৭ আসনটি চাইবেন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি এ আসনের এমপি ছিলেন। ঢাকা-৪ আসনের বর্তমান এমপি জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ আসনের এমপি দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ- এই দুটি আসনেও ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর জন্য ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনেও আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পেতে চায় দলটি। এ ছাড়া ঢাকার আরও একটি আসনও দাবি করবে জাপা, তবে এই আসনটির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি এরশাদ।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বর্তমান এমপি জাপার কেন্দ্রীয় প্রথম যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। এবারও খোকার জন্য আওয়ামী লীগের কাছে এ আসনটি দাবি করা হবে। এ ছাড়া দলের বর্তমান এমপি সেলিম ওসমানের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনটি আবারও চাইবেন এরশাদ। এ দুটি আসনের সঙ্গে এবার নতুন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনটিও চায় জাপা।

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা গতকাল বুধবার ইত্তেফাকের সঙ্গে আলাপকালে বলেন, গত পাঁচ বছরে এ আসনে রাজনৈতিক হয়রানিমূলক একটি মামলাও হয়নি। যার কারণে তার নেতৃত্বে এখানে আওয়ামী লীগ, বিএনপি ও জাপার সুন্দর সহাবস্থান বিরাজ করছে। খোকার দাবি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই অন্য যে কোনো দল বা জোটের প্রার্থীর চেয়ে আসন্ন নির্বাচনে তার জয়ের সম্ভাবনা বেশি।

জাপার মহাসচিব ও দলের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাপার। তবে মহাজোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

মাসুদ উদ্দিন চৌধুরী জাপার মনোনয়নপত্রও নিলেন

১/১১-এর কুশীলব বলে পরিচিত লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার মাত্র দু’দিনের মাথায় জাপার মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের জন্য গতকাল লোক মারফত তিনি জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। হঠাত্ জাপা থেকেও তার ফরম কেনার খবর ছিল গতকাল জাপা কার্যালয়ে আলোচিত খবর। এ নিয়ে জাপার বনানী কার্যালয়ে নেতা-কর্মীদের অনেককে বলতে শোনা যায়, মাসুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলে এ নিয়ে সামগ্রিক রাজনীতিতে প্রশ্ন উঠতে পারে, বিশেষ করে ১/১১-এর সময়ে তার ভূমিকার প্রভাব পড়তে পারে জাপার রাজনীতিতে।