ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমিন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য সম্ভাব্য সব সহায়তা দিতে ওআইসি প্রস্তুত রয়েছে। পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেছেন। বার্তায় তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি অপেক্ষায় আছি।
ওআইসি মহাসচিব বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আপনার নেতৃত্ব ও দূরদৃষ্টির ওপর বিশ্বাস থাকায় বাংলাদেশি ভোটাররা প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে পুনরায় নির্বাচিত করেছে। আমি আপনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার বিষয়ে আত্মবিশ্বাসী যে, আপনি শান্তি, ঐক্য ও উন্নয়নের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে ভবিষ্যতেও এগিয়ে যাবেন।
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকেও অভিনন্দন জানিয়েছেন ওআইসি মহাসচিব। পৃথক অভিনন্দন বার্তায় ওআইসি মহাসচিব বলেন, কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়ে অভিজ্ঞতা থাকায় মোমেনের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও ওআইসির মধ্যে চমত্কার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।