লবণের ট্রাক থেকে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার আটক ৩

লবণবোঝাই ট্রাক থেকে ৩৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ওই ট্রাক থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম, ফারুক ইসলাম ও এরশাদ হোসেন।

র্যাব ৩-এর অপারেশন অফিসার এএসপি বীণা রানী দাস জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে লবণবোঝাই ট্রাকে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে সাইফুল মাদক ব্যবসায়ী এবং বাকি দুইজন সাইফুলের সহযোগী। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা টেকনাফ সীমান্ত থেকে দীর্ঘদিন ধরে লবণবোঝাই ট্রাকে রাজধানীতে ইয়াবা সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি বীণা রানী দাস।