বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো অফিসিয়াল কিংবা ব্যক্তিগত আইডি নেই। অথচ তাদের নামে কিছু ফেইক ফেসবুক একাউন্ট/পেইজ পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম বিভ্রান্তিমুলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে। বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক’র নামে কিছু ফেইক ফেসবুক একাউন্ট/পেইজ পরিচালিত হচ্ছে।
গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ এ তথ্য জানিয়েছে। এতে আরো জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/ sajeeb.a.wazed/) এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক’র একটি ফেসবুক আইডি (https://www.facebook.com/radwan.siddiq) অফিসিয়ালি চালু আছে। যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহত্ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউব-এ দলটির অফিসিয়াল পেইজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো-ফেসবুক (https://www.facebook. com/awamileague.1949/), টুইটার:(https://twitter.com/albd1971), ইউটিউব:(https:/www.youtube.com/user/myalbd.)।
আওয়ামী লীগ আরো জানিয়েছে, জনসাধারণ ও গণমাধ্যমের অবগতির জন্য আমরা আবারো জানাচ্ছি যে, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এমনকি তাদের পরিবারের কারোরই এখনো অফিসিয়াল কোনো ফেসবুক পেইজ চালু হয়নি। এরকম পেইজগুলোর পরিচালক-অ্যাডমিনদেরকে আমরা অনুরোধ করবো পেইজগুলোকে ‘আনঅফিশিয়াল’ হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।