নারায়ণগঞ্জ বন্দরের কদম রসুল পূর্বপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে সোহানা (৬) নামে এক শিশুর শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। জানা গেছে, বন্দরের কদমরসুল পূর্বপাড়া এলাকার হাজী হিরা কন্ট্রাকটরের বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক আলী আজগরের মেয়ে সোহানা গত বৃহস্পতিবার রাতে গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়। সোহানার ভাই ওমর ফারুক জানায়, তার বোন মায়ের অজান্তে গ্যাসের চুলা থেকে গরম পানি নামাতে গেলে চুলা থেকে সোহানার কামিজে আগুন লেগে গিয়ে সে অগ্নিদগ্ধ হয়। তার পরিবার ও স্থানীয় লোকজন সোহানাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। শিশুটির চিকিত্সার জন্য গতকাল শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদে সাহায্য তোলা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোহানার জ্ঞান ফেরেনি (গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত)। তার অবস্থা আশঙ্কাজনক।