বগুড়ায় যমুনা ও বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ওপরে

কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১০ সেন্টিমিটার এবং বাঙ্গালী নদীর পানি ২১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনা ও বাঙ্গালী নদীর পানি বাড়ার ফলে সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা, কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো এবং এসব এলাকার রোপা আউশ, মাশকলাই, মরিচ, স্থানীয় জাতের গাঞ্জিয়া ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি কমে আবার বাড়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় করোনায় কৃষি কর্মকর্তার মৃত্যু

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার। সকাল ৬টার হিসেব অনুযায়ী, বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে এবং বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ২১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/এএএম