অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড তারকা দীপিকা পাঁড়ুকোন ও রণবীর সিং। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার পর রাজকীয় সাজে মহা ধুমধাম করে ইতালির বিলাসবহুল লেক কোমোর ভিলা দেল বেলবিয়ানেল্লো রিসোর্টে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের আদলে ঘেরা ছিল তাদের বিয়ের ভেন্যু। যা দেখে মনে হতে পারে এ যেন কোন রূপকথার রাজপুত্র আর রাজকন্যার বিয়ে।
কথা ছিল দীপিকা-রণবীরের দুই রীতিতে বিয়ে হবে। তাই গতকাল দক্ষিণ ভারতীয় কন্নড় রীতিতে রণবীরকে বিয়ে করেন এ অভিনেত্রী। রণবীর সিং হলেন সিন্ধি তাই আজ বৃহস্পতিবার আবার সিন্ধি রীতিতে বিয়ে করবেন তারা। পরে দীপিকা ও রনবীরের দুটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন রয়েছে। প্রথমটি ২১ নভেম্বর বেঙ্গালুরুতে পরিবার ও বন্ধুদের নিয়ে এবং পরেরটি ২৫ নভেম্বর মুম্বাইতে বলিউডের স্বজনদের জন্য।
অভিনয়ের খাতিরে বহুবার বর-কনে সাজতে হয়েছে তাদের। এবার এ তারকা যুগলের বাস্তব জীবনের বর-কনের সাজ দেখার প্রতিক্ষার প্রহর গুনছেন অনেকেই। তাই এ বিয়ের মূল আকর্ষণ দীপিকা-রণবীরের বিয়ের সাজ। তবে এ তারকা জুটি এখনো তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেননি। তবে দূর থেকে তোলা বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
বিয়ের আগেই আমন্ত্রিত অতিথিদের মোবাইল বন্ধ রাখার অনুরোধ করা হয়। যাতে করে কেউ যেন তাদের বিয়ের ছবি প্রকাশ্যে না আনতে পারেন। তারকা জুটির ইচ্ছে, বিয়ের প্রথম ছবিটি যেন নিজেদের হাত দিয়েই প্রকাশ পায়। তাই এই বিয়ের ছবি পাপারাজ্জিদের পক্ষেও তোলা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমেও পাওয়া যায়নি তাদের বিয়ের ছবি। নব দম্পতিকে প্রথম বিয়ের শুভেচ্ছা জানান বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহর। তিনি তার টুইটে বলেন, ‘অসাধারণ দৃষ্টি নন্দন জুটি। আমার নজর কেড়ে নিয়েছে তারা। ভালোবাসা দুজনকেই। সারাজীবন একসঙ্গে ভালোবাসা আর আনন্দ নিয়ে বেঁচে থাকো।’
বিয়েতে ছিল কড়া নিরাপত্তা। নির্বাচিত ৩০ থেকে ৪০ জন অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন। বলিউডের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা অভিনন্দন জানিয়েছেন নব দম্পতিকে। লেকের মধ্যে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত হন নৌযানে করে। এর আগে, ভারত থেকে ইতালি উড়ে যান বর ও কনে।
বিয়েতে সঙ্গীত পরিবেশন করেন ভারতের জনপ্রিয় শিল্পী শুভা মুগডাল ও হর্ষদীপ কৌড়। নিরাপত্তার কারণে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয়া হয়নি। উপহার হিসেবে এই দম্পতির সাথে জড়িত স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে রুপি দেয়ার অনুরোধ করেন এই নব দম্পতি। গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় মেহেদি অনষ্ঠান। আর বিয়ের বীমা করে চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং যুগল।
বিয়েতে অতিথিদের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থা। বিভিন্ন ধরনের খাবারের তালিকাতে ছিল চাইনিজ রেসিপি, নানা রকমের ভারতীয় রেসিপি ও মুখরোচক সব ডেজার্ট। ভারতীয় রেসিপির মধ্যে ছিল ভাত ও দোসাসহ বিভিন্ন খাবার। সেই সঙ্গে ছিল সুইজারল্যান্ডের বাবুর্চির তৈরি বিয়ের কেক। বিয়ের বাকি সব খাবারই রান্না করেছেন ওই স্পেশাল বাবুর্চি।