সহ সভাপতি পদে তাবিথ-মহি টাই, পুনরায় ভোট

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন। শুধু সভাপতি নয় সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকেই সহ সভাপতি হয়েছেন আরো তিন জন। তবে নাটকীয় টাই হয়েছে চতুর্থ সহ-সভাপতি পদে। যেখানে সমান ৬৫টি করে ভোট পেয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল।

এই অমীমাংসিত নির্বাচনের ফল আনার জন্য হবে পুনরায় ভোট গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর (শনিবার) মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে পুনরায় ভোট হবে।

চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিনের (৯৪) প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট যদিও তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার পরও হঠাৎই প্রতিদ্বন্দ্বীতায় আসেন। আর আরেক সভাপতি নির্বাচন করা  সফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র ১টি ভোট।  

সালাউদ্দিনের পরিষদ থেকেই আবারো নতুন মেয়াদে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। কাজী সালাউদ্দিনের মতো তিনিও টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন।

সিনিয়র সহ-সভাপতি পদেও নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদী। তার নামের পাশে জমা পড়েছে ৯১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট। সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের মতো সহ-সভাপতি পদেও কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদের জয়জয়কার। যেখানে ৮৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইমরুল হাসান, ৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কাজী নাবিল আহমেদ ও ৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তারা তিনজনই কাজী সালাউদ্দিনে সম্মিলিত পরিষদের।

সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি এবং স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল- দুজনই ৬৫ করে ভোট পেয়েছেন। এছাড়া এ পদের বাকি তিন প্রার্থী শেখ মুহম্মদ মারুফ হাসান ৬১, আমিরুল ইসলাম বাবু ৫৬ এবং এসএস আব্দুলাহ ফুয়াদ পেয়েছেন ৪৮ ভোট।

কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করেও সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জিততে পারেননি আমিরুল ইসলাম বাবু। 

ইত্তেফাক/এসআই