গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়ায় কলেজ ছাত্র রিফাত দেওয়ান নিহতের ঘটনায় মানববন্ধন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
মানববন্ধন শেষে এলাকাবাসী হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রায় ৪০ মিনিট যাবত্ বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় মহাসড়কের দুই পাশেই গাড়ির দীর্ঘ যানজট লেগে যায়। পরে গজারিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সকলকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। উল্লেখ্য, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ৬ জানুয়ারি রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয় “সোনারগাঁ ষ্টার ফ্লাওয়ার এস.আর কলেজের” ১ম বর্ষের ছাত্র রিফাত দেওয়ান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় পরের দিন সকালে তার মৃত্যু হয়।