দ্রুত হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দ্রুত হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন ও বাঁধ নির্মাণের দাবিতে একযোগে সকল উপজেলায় মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। শনিবার সকালে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’এর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর সভাপতি বজলুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান, চিত্ত রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর সদস্য মোর্শেদ আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নভেম্বরের মধ্যে হাওর রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কথা থাকলেও এখনো তা হয়নি। হাওরের কোথাও এখনও বাঁধের কাজ শুরু না হওয়ায় এবারো জেলার বোরো ফসল হারানোর শঙ্কা রয়েছে। বক্তারা আরো বলেন, বাঁধ নির্মাণে সময় এলেই প্রশাসন ও পাউবোর কিছু দুর্নীতিবাজ বাঁধ নির্মাণের নামে টাকা লুটপাঠে লেগে যান। অবিলম্বে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করা না হলে পাউবোসহ সকল প্রশাসন কার্যালয় ঘেরাও করা হবে। একই দাবিতে গতকাল জেলার ১১ উপজেলায় একযোগে মানববন্ধন করেছে সংগঠনটি।