হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতাইহাল গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (২৬) ও গজনাইপুর গ্রামের মৃত আজমদ মিয়ার ছেলে শিমুল আহমেদ (২৫)। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ওই উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁয় বাস ও সিএনজির
সংঘর্ষে নিহত এক
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পত্নীতলা উপজেলায় বাস ও ব্যাটারিচালিত সিএনজির সংঘর্ষে দুদু সোনার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন। শনিবার উপজেলার নজিপুর-সাপাহার সড়কে আদর্শ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুদু সোনার বদলগাছি উপজেলার খোজাগাড়ি গ্রামের মৃত জামাল সোনারের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের শফির উদ্দীনের ছেলে সানোয়ার (৪৫) এবং মালেক সোনারের ছেলে আবুল সোনার (৪৮)।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা হয়েছে।