দৌলতপুরে সবুজ মাঠে রঙিন ইটের ভাটা!

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জনবসতিপূর্ণ পাড়াগাঁয়ে সবুজ মাঠের মধ্যে বাহারি রঙের ইটভাটা স্থাপন করা হয়েছে। ফলে ফসলি জমি কমে যাওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য চরম হুমকিতে পড়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সরকারের নির্দেশনাকে উপেক্ষা করে এই ইটভাটা নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া উপজেলার সাদিপুর গ্রামে সম্প্রতি স্থাপিত ওই ইটভাটার পাশে আরো চারটি ইটভাটা আগে থেকেই চলছিল। যেগুলোর কোনো লাইসেন্স বা অনুমতি নেই। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি বলে জানিয়েছেন। উপজেলা কৃষি অফিসের কল্যাণপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমজান আলী জানান, পাঁচটি ইটভাটায় কমপক্ষে ২শ’ বিঘা ফসলি জমি হারিয়ে গেছে। পাশাপাশি বাকি ফসলি জমির ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরেজমিন ইটভাটা এলাকা পরিদর্শনকালে একজন ম্যানেজার জানান, প্রশাসনসহ সবাইকে  ম্যানেজ করে ইটভাটা চালানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, আবাদি জমিতে অবৈধ সকল ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।