গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে যত্রতত্র ভূ-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধ করে মহাসড়ক, ব্রিজ, সরকারি-বেসরকারি স্থাপনা, কৃষিজমি ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে গতকাল শনিবার সকালে সচেতন এলাকাবাসীর পক্ষে ঘণ্টাব্যাপী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোবিন্দগঞ্জ শহরের চতুরঙ্গ মোড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আশাদুজ্জামান হিরু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী, যুবলীগ নেতা নুরুন্নবী সরকার নান্নু, সাপামারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আফাস আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় শতাধিক স্থানে মেশিন দিয়ে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করা হলেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। এতে ব্রিজ, মহাসড়ক, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিপুল পরিমাণ কৃষিজমি হুমকির সন্মুখীন হয়ে পড়ছে। তাই অবিলম্বে এ সকল অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানান ।