গিবসন ও কুক একাদশের দুইদিনের প্রস্তুতি ম্যাচ শেষ হলো। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওটিস গিবসন একাদশকে ৬ উইকেটে হারিয়েছে রায়ান কুক একাদশ। রায়ান কুক একাদশের হয়ে দীর্ঘদিন পর ব্যাটিং নেমে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। সাদমানের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৮৩ রান। প্রস্তুতি ম্যাচ হওয়ায় ক্রিকেটাররা ধীরে ধীরে খেলায় ফিরছেন। নিয়মিত ম্যাচ আয়োজনে জড়তা কাটবে। পুরনো রূপে ফিরবে ক্রিকেটাররা প্রত্যাশা সাদমানের।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমন দৃশ্যের জন্য অপেক্ষা করতে হয়েছে মাস সাতেক। ক্রিকেটই যে সবুজ মাঠের প্রাণ। খেলা ছাড়া যেন একটা শূন্যতা ভর করেছিল সবখানে। সেই রুদ্ধতা কেটেছে বিসিবির দুই দিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও নিজেদের ঝালাই করে নিয়েছে টাইগাররা।
অবশ্য দিনের শুরুতে বেরসিক বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হয়েছে। তাতে আগের দিন ৮ উইকেট হারিয়ে ২৪৮ রানে দিন শেষ করা ওটিস গিবসন একাদশ, টার্গেট কেটে ছেঁটে দাড় করায় ৪৩ ওভারে ২০০।
জবাবে রায়ান কুক একাদশ ব্যাটিং শুরু করে ওয়ানডে কায়দায়। লম্বা সময় পর ব্যাটিংয়ে নামা তামিম ৮০ বলে ১০ চারের করেন ৬৪। তার সঙ্গে ওপেনিংয়ে নামা সাদমান ইসলাম আরো দারুন। করেন ইনিংস সর্বোচ্চ ৮৩ রান। দলীয় ১০৭ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গলেও ইয়াসির আলীর ২৪ রানে ভর করে সহজেই জয় পায় রায়ান কুক একাদশ।
দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে ওপেনার সাদমান ইসলামের যাচাই করতে চেয়েছেন নিজেদের পারফরম্যান্সকে। ধীরে ধীরে রান পাওয়ায় খেলায় ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। খাপ খাইয়ে নিতে চেষ্টা করছেন ২২ গজের লংগার ভার্শন ক্রিকেটে। যেটাকে ইতিবাচক ভাবে দেখছেন এই তরুণ ব্যাটসম্যান।
এরকম নিয়মিত ম্যাচ আয়োজনে জড়তা কাটবে। ভুল ত্রুটি শুধরে পুরনো রূপে ফিরবে ক্রিকেটাররা প্রত্যাশা সাদমানের।
প্রস্তুতি ম্যাচ শেষে এবার তিন দিনের ছুটিতে তামিম-মুশফিকরা। জৈব বলয় সুরক্ষায় থেকে শনিবার আবারো মাঠে ফিরবেন ক্রিকেটাররা। রবিবার খেলবে আরও একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
ইত্তেফাক/এসআই