সাতক্ষীরা প্রতিনিধি
ঘুষখোর ও দুর্নীতিবাজ সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও তার সহযোগী সাব-রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন হয়েছে। জেলা ভূমিহীন ঐক্য পরিষদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ও জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা ভূমিহীন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সংগঠনটির সহ-সভাপতি মফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে দলিল রেজিস্ট্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে জেলা রেজিস্ট্রার মুন্সি রুহুল ইসলাম ও তার সহযোগী সাব-রেজিস্ট্রার রফিকুল ইসলাম। তারা ঘুষের টাকা আদায় করার জন্য নকল নবিশ আবুল কাশেমসহ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন। জেলা রেজিস্ট্রারের কথামত প্রতিদিন প্রায় ১০ লাখ টাকা জনসাধারণের কাছ থেকে চাঁদা আদায়ের মিশন বাস্তবায়ন করে যাচ্ছে ওই চক্র।