আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশে রাজনৈতিক ও ব্যক্তিগত সফর শেষে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান ১১ জানুয়ারি (শুক্রবার) জেনেভা বিমান বন্দরে পৌঁছেন। বিমান বন্দরে তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় শ্যামল খান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় করেন।
তিনি বাংলাদেশ সফরকালে সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে যে সমস্ত কার্যকলাপ ও কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে তার ব্যাখ্যা দেন। তিনি জানান, এবারের তার বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তথা নৌকার বিজয় সুনিশ্চিত করা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনা। নৌকার পক্ষে রাজধানী ঢাকা ছাড়াও তিনি তার নিজ জেলা টাঙ্গাইলের বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণার গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও জনসভায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারে উন্নয়নের চিত্র তুলে ধরা প্রচারণাপত্র বিলি করেন এবং নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরে নৌকার পক্ষে ভোট দিতে ভোটারগণকে অনুপ্রাণিত করেন।
বিভিন্ন কেন্দ্রীয় আওয়ামী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইল ছাত্র লীগ কার্যালয়ে ছাত্রনেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। সর্বশেষে সংসদ ভবনের সাউথ প্লাজায় মরহুম সৈয়দ আশরাফের জানাজায় অংশগ্রহণ করেন বলেও জানান তিনি।
এ সময় জেনেভা বিমানবন্দরে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, আওয়ামী লীগ নেতা কল্যাণ পাল, শশী খান, পুনম ইসলাম, জলী চৌধুরী, হামিদ মিয়াসহ আরও অনেকে।
ইত্তেফাক/এমআই