শিবগঞ্জে জামায়াত শিবিরের হামলায় আওয়ামী লীগের দুই নেতা আহত, আটক ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে রাজনৈতিক সহিংসতায় জামায়াত শিবিররা আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহতরা হলো— শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের উমরপুর খোঁচপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য বশীর আলী ও একই গ্রামের ইউনিয়ন যুবলীগ সদস্য এমদাদুল হক।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যাবমপুর ইউনিয়নাধীন উমরপুর ঘাট এলাকায়।

থানায় মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের শুক্রবার দুপুর সোয়া দিকে উমরপুর ঘাট এলাকায় একটি মিষ্টির দোকানে বশির ও এমদাদুল বসে থাকার সময় ৮/১০ জন জামায়াত শিবিরের ক্যাডার দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা করে প্রথমে এমদাদুল হককে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে বশীর এগিয়ে আসলে তাকে একইভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহাম্মদ মসিউর রহমান জানান, গতকাল সন্ধ্যায় ঘটনাস্থলে ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত উমরপুর খোঁচপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে নাইম ও একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলামকে এলাকা থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানায় নামীয় ১২/১৪ জন আসামি করে মামলা হয়েছে। তিনি আরো জানান মামলার বাদীর দাবি হামলাকারীরা জামায়াত শিবিরের ক্যাডার। চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ ১ আসনের নবনির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সামিল উদ্দিন আহম্মদ শিমুল তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে চককীর্তি ইউনিয়নের  বিমর্ষি গ্রামের  ফিটু সরকার নামে এক আওয়ামী লীগ সদস্য বাড়ি থেকে নবনির্বাচিত এমপি শিমুলকে অভিনন্দন জানাতে বের হলে রাস্তায় তাকে কুপিয়ে জখম করে। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।