গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় বিভিন্ন এলাকায় গবাদিপশুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১০ দিনের ব্যবধানে ৫টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে কয়েকশ গরু। তবে আক্রান্তের মধ্যে বাছুরের সংখ্যাই বেশি।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে গবাদীপশুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে কমপক্ষে ৫টি গরু মারা গেছে। মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। গরুর মালিকরা জানান, প্রাথমিক অবস্থায় গরুটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। শরীর দুর্বল হয়ে পড়ে। গত ১০ দিনের ব্যবধানে উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামের মানিক, গিরিন ও প্রিয়নাথের ১ টি, যোগেনের ১টি ও আব্দুল গনির ১টি করে ৫টি বাছুর মারা গেছে। তাছাড়া আইয়ুব, দুলাল, স্বপনসহ অনেকের গবাদিপশু এ রোগে আক্রান্ত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা খুরা রোগের কথা স্বীকার করে বলেন, এটি একটি ভাইরাসজনিত রোগ। এটি এখন সব সময়ে দেখা দিচ্ছে। এজন্য গবাদিপশুকে ভ্যাকসিনসহ আক্রান্ত পশুর মুখ খাবার সোডা কিংবা পাউডার দিয়ে ধুয়ে দিতে হবে।