আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় আরএফএল বিক্রয় প্রতিনিধির উপর হামলা চালিয়ে এক লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গত ৮ জানুয়ারি উপজেলার গৈলা বাজারে কালেকশনের জন্য সাথী স্যানিটারির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন মীরার দোকানে যায় মো. ফেরদৌস সরদার। সে গৌরনদী এলাকার আরএফএল বিক্রয় প্রতিনিধি। ফেরদৌস সরদার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ভবানীগঞ্জ গ্রামের সাকের আলী সরদারের ছেলে।
এসময় পূর্ব বিরোধের জের ধরে কৌশলে ফেরদৌসকে গোডাউনে ডেকে নেয় আনোয়ার হোসেন। সেখানে নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং ফেরদৌসের সাথে থাকা নগদ এক লাখ ২৭ হাজার টাকা ও তার পরিচয়পত্র ছিনিয়ে নেয় আনোয়ার। তার ডাক-চিত্কারে স্থানীয়রা এগিয়ে এসে ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় ফেরদৌস বাদী হয়ে আনোয়ার হোসেন মীরাকে আসামি করে ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার আসামি সুজনকাঠী গ্রামের আব্দুল রশিদ মীরার ছেলে আনোয়ার হোসেন মীরাকে গত শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।