নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা মদন সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের নসিবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে আকলিমা, ওয়ালিদ ও মনির মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি ১২ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল-আমিন জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি মদন থেকে ছেড়ে নেত্রকোনা যাচ্ছিলো। পরে আটপাড়া উপজেলার নছিবপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
এদিকে নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলাম, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসটিকে উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চালক পলাতক।