জয়ের আশাতেই আছেন রফিক

স্পোর্টস রিপোর্টার

ঢাকায় আজ শেষ হচ্ছে প্রথম অংশের খেলা। আগামীকাল বিরতির পর পরশু থেকে আবার সিলেটে শুরু হবে বিপিএলের খেলা। আজ ঢাকায় নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে রংপুর রাইডার্স। এর আগের চার ম্যাচে তাদের দুই জয় ও দুই পরাজয়। খুব বেশি ম্যাচ খেলতে হচ্ছে বলে দলটির পক্ষে পরিকল্পনা করাও কঠিন হচ্ছে। তবে এর মধ্যেও রংপুরের স্পিন কোচ মোহাম্মদ রফিক বললেন, তারা জয় দিয়েই শেষ করতে চান এই ঢাকা পর্ব।

গতকাল ঐচ্ছিক অনুশীলন শেষে রফিক বলছিলেন, ‘আগামীকাল ম্যাচে আমাদের পরিকল্পনা হলো ভালো খেলার আর আমাদের জয়ের ঐ রকম পরিকল্পনা আছে। এই কারণে আমাদের যারা বাইরে আছে তাদের নিয়ে আজ কাজ করতে যাচ্ছি।’

আগের ম্যাচে দুই রানে হেরে গেছে রংপুর। সেই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের বোলিং কিংবদন্তি রফিক বলছিলেন, ‘আমরা সত্যি কথা বলতে কি কিছু লুজ বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে ম্যাচটি হেরেছি। যে রান করেছে তা আমাদের ব্যাটসম্যানদের জন্য অনেক সহজ লক্ষ্য ছিলো। তবে আমরা কিছু ভুলের কারণে হেরেছি। কিন্তু ক্রিকেটে টি টুয়েন্টি এমন একটি খেলা যে যত ভুল করবে তত কিন্তু ক্ষতি হবে। যত ভুল কম করবে তত সুবিধা পাবে।’

রফিকের এই দলে সামলানোর অন্যতম সেরা বোলার হলেন নাজমুল হাসান অপু। কিন্তু অপু এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। এ ব্যাপারে রফিক বলছিলেন, ‘‘আসলে দিনটি কিন্তু সবার সমান যায় না। ওর (অপু) সাথে এবং ফাস্ট বোলারদের সাথে আমি আলোচনা করি যে পারফর্ম করতে পারবে তারই কিন্তু দিনটি ভালো যাবে। একটি দিন খারাপ যেতেই পারে, তবে সবসময় খারাপ যাবে না। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের বোলার যারা আছে খুব তাড়াতাড়িই কামব্যাক করবে তারা।’

রফিক বলছিলেন, এই পর্যায়ে অপু বা কাউকে বদলে ফেলাটা ঠিক হবে না। শুধু তাদের ভুল থাকলে সেটা শুধরে দেওয়াই তার কাজ, ‘আসলে এই লেভেলে কাউকে টিপস দেওয়াটা বা ভুল ধরিয়ে দেওয়া যাবে না। কারণ কি খুব কম সময়ের মধ্যে খেলাটি শেষ হয়। বাংলাদেশের নিয়মিত খেলোয়াড় সে। তাকে নিয়েও কাজ করছি। সে যদি মনে করে যে আমি এই ভুলটি করেছি, পরবর্তীতে আর হবে না তাহলে আমি মনে করি সমাধানটা দ্রুতই হয়ে যাবে।’

সবমিলিয়ে রফিক মনে করেন, তার দল ঠিক পথেই আছে। কিন্তু খেলার মধ্যে বিরতি না থাকায় কোনো দলই সেভাবে নিজেদের প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছে না বলে রফিকের মত, ‘মোটামুটি হয়েছে। কারণ কি আপনারা দেখেন যে সব দলই কিন্তু চারটা, তিনটা, পাঁচটি করে ম্যাচ খেলেছে। এরপরেও খেলার আগে একটি প্রস্তুতি থাকতে হয়। সেটি কোনও দলেরই হচ্ছে না। এক্ষেত্রে আমার মনে হয় একটু ঘাটতি আছে।’