ডিসেম্বরের প্রিমিয়ার লিগ-সেরা কোচ ক্লপ

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে লিগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন দলটির কোচ য়ুর্গেন ক্লপ। আর সেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠেছে দলটির ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের হাতে। শেষ সাত ম্যাচের সাতটিতেই জিতে গেল বছরটি দারুণভাবেই শেষ করেছে ক্লপের দল। ফলে পয়েন্ট তালিকার শীর্ষে তো উঠে এসেছেই, দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছিলো সাতে। এ বছরের শুরুতে শিরোপাধারী সিটির কাছে হারায় সে পয়েন্ট ব্যবধান কমে চারে নেমে এসেছে। কিন্তু তা ক্লপের ডিসেম্বর-সেরা কোচ হওয়া ঠেকাতে পারেনি।

শুক্রবার পুরস্কার গ্রহণ করার সময় ক্লপ এটিকে কেকের উপরে কারুকাজের সঙ্গে তুলনা দিয়েছেন। তিনি বলেন, ‘এটা দারুণ, অনেকটা কেকের উপরে কারুকাজের মতো। খুবই সফল একটি মাস ছিলো ডিসেম্বর কিন্তু এটা বেশ কঠিন এক মাসও ছিলো।’  তিনি আরও বলেন,‘এই মৌসুমে প্রতিটি ম্যাচকেই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এটা অবিশ্বাস্য ছিলো! বিশাল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছিলাম আমরা কিন্তু এটাই মাসটাকে আরও বিশেষ করে তুলেছে।’

মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক। দলের রক্ষণে তার অবদানের ভূয়সী প্রশংসা করলেন ক্লপ। তিনি বলেন,‘ভার্জিলের দারুণ সম্ভাবনা রয়েছে। সে মানুষ হিসেবে দারুণ, সে শারীরিকভাবে শক্তিশালী এবং আপনার প্রয়োজনীয় সব কৌশলগত ব্যাপারও তার মধ্যে আছে।’ তিনি আরও বলেন,‘তার অনেক ব্যাপার আছে যা ইতোমধ্যেই বেশ ভালো তবে তার উন্নতিরও অনেক জায়গা রয়েছে। আমি এখনই তাকে মূল্যায়ন করবো না এবং অতীতের খেলোয়াড়দের সঙ্গে তার তুলনা করতেও রাজি নই আমি।’