উর্দু পয়েন্ট
দুর্নীতি মামলায় কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন; কিন্তু তাকে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার মেয়ে মরিয়ম শরিফ। তার দাবি, হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে তার বাবার। খবর পেয়ে ব্যক্তিগত চিকিত্সক তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন; কিন্তু সাক্ষাতের অনুমতি তাকে দেননি জেল কর্তৃপক্ষ। পরে ব্যক্তিগত চিকিত্সক ডা. আদনান শুক্রবার নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
মরিয়ম দাবি করেছেন, তার বাবা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এরই মধ্যে তিনি হূদরোগেও আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ বিষয়ে তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন। এদিকে ব্যক্তিগত ডাক্তার দেখার পরনওয়াজ শরিফকে কয়েকটি প্যাথলজিকাল পরীক্ষা দেওয়ার কথা জানা যায়। সোমবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্যক্তিগত চিকিত্সক ও নওয়াজ শরিফের কথোপকথন রেকর্ড করা হয়েছে। অবশ্য জেল কর্তৃপক্ষ নওয়াজ শরিফের অসুস্থতার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে জেল কর্তৃপক্ষ বলেছে, কারাগারের চিকিত্সকরা নওয়াজ শরিফের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা নওয়াজ শরিফ আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন। দুর্নীতির টাকায় সৌদি আরবে তেলের কল খোলার অভিযোগ সত্য প্রমাণিত হয় আদালতে। এ কারণে গত বছর ২৪ ডিসেম্বর তাকে আদালত সাত বছর কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি লাহোরের লাখপত কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।