দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর থেকে ছুটিতে আছেন ক্রিকেটাররা। তবে ছুটিতে বসে নেই মুশফিকুর রহিম। ছুটির দিনেও অনুশীলনে হাজির অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তার সঙ্গী ছিলেন পেসার আল-আমিন হোসেন। ত্রিদলীয় ওয়ানডে সিরিজকে টার্গেট করে সাদা বলে অনুশীলন করেছেন তারা।
প্রায় দেড় ঘণ্টা নেটে ব্যাটিং করেছেন মুশফিক। তার নেট সেশনে বিরতি পড়েছিল বৃষ্টির কারণে। ডানহাতি পেসার আল-আমিনের সঙ্গে দুজন স্পিনারও ছিলেন নেটে। থ্রো ডাউন করেছেন একজন। ব্যাটিংয়ের পর রানিং করেছেন মুশফিক। লাল বলে দুই দিনের প্রস্তুতি ম্যাচগুলোতে সুবিধা করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। প্রথম ম্যাচে হাসান মাহমুদের তীব্র গতির বলে বোল্ড হয়েছেন। দ্বিতীয় ম্যাচে পুল করতে গিয়ে মুশফিক প্লেড অন হয়েছেন রুবেলের বলে। লাল বলের বোলিংয়ে নজর কাড়তে পারেননি আল-আমিনও। গতকাল দুজনই সতীর্থদের আগে নিজেদের ঝালিয়ে নিলেন সাদা বলে।