বিশ্বজুড়ে মুসলিম নারী জাগরণের নীরব বিপ্লব

দুই দশকে ৫ কোটি মুসলিম নারীর কর্মসংস্থান নিয়ে প্রতিবেদন

 লন্ডন প্রতিনিধি

ওয়ার্ল্ড থিঙ্কট্যাংক রিপোর্টে বলা                                                                                                                                 হয়েছে, গত দু‘দশকে মুসলিম প্রধান দেশসমূহে ৫০ মিলিয়ন নারী কর্মসংস্থানে যোগ দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন মুসলিম নারীদের এই জাগরণ এক অসাধারণ নীরব বিপ্লব।

দি গ্লোবালিস্ট-রিথিংকিং গ্লোবালাইজেশন গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০০০-২০১৮ সাল পর্যন্ত বিশ্বের ৬২টি মুসলিম দেশে ৫ কোটি নারী শ্রম বাজারে যোগ দিয়েছেন। নিজ নিজ কর্মসংস্থানের মাধ্যমে মুসলিম নারীদের এই অর্থনৈতিক সচ্ছলতাকে বিশেষজ্ঞরা মনে করেন এটা মুসলিম বিশ্বের অভূতপূর্ব অগ্রগমন।

ওয়ার্ল্ড অর্থনৈতিক ফোরামের নির্বাহী কমিটির সদস্য এবং শিক্ষা বিষয়ক দফতরের প্রধান মিস সাদিয়া জাহিদি (পাকিস্তানি) বলেন, ৫ কোটি মুসলিম নারীর ইতিবাচক শিক্ষার উন্নয়নে গত দু‘দশকে গোটা মুসলিম বিশ্বের এক অসাধারণ পরিবর্তন ঘটেছে।

তিনি বলেন, মূলত ১৫৫ মিলিয়ন বা ১৫ কোটি মুসলিম নারী কর্মসংস্থানে যুক্ত রয়েছেন। এর মধ্যে গত ১৫ বছরে যোগ দিয়েছেন প্রায় ৫০ শতাংশের বেশি। অপরদিকে মুসলিম নারীদের বিপরীতে ৩৪২ মিলিয়ন মুসলিম পুরুষ শ্রমবাজারে যুক্ত রয়েছেন।

গবেষণা তথ্যে বলা হয়েছে, সৌদি আরবে ১৯৭০ এ ২ শতাংশের কম নারী বিশ্ববিদ্যালয় যেতেন। ১৯৯০ সালে তা বেড়ে ৯ শতাংশে দাঁড়ায় এবং বর্তমানে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৫৭ শতাংশ।

কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন  অন্টারিও’র (University of Western Ontario, Canada) গবেষক মি. আমানী হামদান জানিয়েছেন, ২০০৩ সালের আদম শুমারি অনুযায়ী সৌদি আরবে পুরুষের সাক্ষরতার হার ৭২ শতাংশ এবং নারীদের  ৫০ শতাংশের বেশি। তবে ১৯৭০ সালে পুরুষের সাক্ষরতার হার ছিল ১৫ শতাংশ  এবং নারীদের সাক্ষরতার হার ছিল মাত্র ২ শতাংশ। উপসাগরীয় আরব দেশসমূহের মধ্যে সৌদি আরবে শিক্ষার হার সব চেয়ে   কম ছিল।