লাকসাম-মনোহরগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এলজিআরডি মন্ত্রী

 লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসাম-মনোহরগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুক্রবারই প্রথম তার নির্বাচনী এলাকা লাকসাম-মনোহরগঞ্জে আসেন। পথে পথে শুভেচ্ছা তোরণ নির্মাণ করা হয়। লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।

মনোহরগঞ্জ উপজেলা ভবন চত্বরে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, আগামী পাঁচ বছর হবে বাঙালি জাতির জীবনের অত্যন্ত চমকপ্রদ পাঁচ বছর, সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার পাঁচ বছর। গ্রামগঞ্জে সকল ক্ষেত্রে উন্নত জীবনের সকল সুবিধা পৌঁছে দেয়া হবে। উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, সে লক্ষ্যে আমরা পৌঁছবো। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া। আর উন্নত বাংলাদেশ গড়তে হলে গ্রামগঞ্জের কোটি কোটি মানুষের জীবনের মান উন্নত করতে হবে। গ্রামকে উন্নত করতে না পারলে শহর উন্নয়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া যাবে না।

পরে মন্ত্রী নিজ বাড়ি মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে তার মা-বাবার কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।