ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুরে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। ডিএমপি’র গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) গুলশান জোনাল টিম শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— গৌতম রাজবংশী, আব্দুস সালাম, সুব্রত কুমার ঘোষ ওরফে শুভ, সুব্রত কুমার দত্ত, মাসুদ রানা ও মহিন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ১টি চাকু উদ্ধার করা হয়।
ডিএমপি’র জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের ডিসি মোঃ মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন কৌশলে পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। তারা কখনো মোটরসাইকেল কখনো প্রাইভেটকার বা মাইক্রোবাস নিয়ে মিরপুর, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী বাস স্ট্যান্ডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মিশনে বের হয়। পথচারীদের পথ আটকে টাকা-পয়সা, ভ্যানিটি ব্যাগ, গলার চেইন ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ খবর পেয়ে মাঠে নামে ডিবি। প্রতিদিনের মতো তারা লুটের উদ্দেশ্যে বের হলে গোয়েন্দারা তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে তারা মিরপুর ও আশপাশের এলাকায় সন্ধ্যা ও ভোরে পথচারীদের গতিরোধ করে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। তারা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে কখনও দেশীয় অস্ত্র দেখিয়ে, আবার কখনও অভিনব কৌশল অবলম্বন করে ছিনতাই করত। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা সবাই উঠতি বয়সের যুবক ও মাদকাসক্ত। তারা সারা রাত ঘোরাফেরা করে। সুবিধাজনক স্থানে ছিনতাই ও ডাকাতি করে থাকে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।