অভিনেত্রী অহনাকে আহত করা ট্রাক চালক ও হেলপার গ্রেফতার

হেলপারের স্বীকারোক্তিমূলক

জবানবন্দি

ইত্তেফাক রিপোর্ট

অভিনেত্রী অহনা রহমানকে আহত করার ঘটনায় ট্রাকচালক সুমন মিয়া ও হেলপার রোমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ও গতকাল শনিবার সকালে সাভার এলাকায় অভিযান চালিয়ে চালক সুমন মিয়া ও হেলপার রোমনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান। তিনি বলেন, হেলপার রোমন গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর চালক সুমন মিয়াকে আজ রবিবার আদালতে পাঠানো হবে।

গত ৯ জানুয়ারি খালাতো বোনকে নিয়ে প্রাইভেটকারে উত্তরার নিজ বাসার উদ্দেশে রওনা হন অহনা। উত্তরার কাবাব ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে ৭ নম্বর সেক্টরের পূর্ব মাথায় এলে একটি বেপরোয়া গতির পাথরবোঝাই ট্রাক তার প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। গাড়িটির বেশ ক্ষতি হয়। এ সময় অহনা চালককে ট্রাক থেকে নামতে বলেন। চলে বাকবিতণ্ডা। একপর্যায়ে ইচ্ছা করে আবারও তার কারটিকে ধাক্কা দেয় চালক। এতে ক্ষুব্ধ হয়ে অহনা চালকের দরজায় উঠে তাকে নামতে জোর করেন। চালক তার কথার পরোয়া না করে ট্রাক চালাতে থাকে। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকেন।

ট্রাকটি উত্তরা ৭ নম্বর থেকে ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দিতে জোরে বাঁক নেয়। কিন্তু সামলাতে না পেরে ট্রাকটি বাম দিকে উল্টে যায়। এ সময় রাস্তায় থাকা পাথরের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন অহনা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ট্রাকটি ফেলেই চালক যখন পালিয়ে যান, তখন প্রায় ভোর ৪টা। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় অহনার বোন লিজা ওইদিনই উত্তরা থানায় মামলা করেন।