জামায়াতকে নিয়ে রাজনীতি করব না :ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা অতীতে কখনও জামায়াতকে নিয়ে রাজনীতির চিন্তা করিনি। ভবিষ্যতেও পরিষ্কার যে, তাদের নিয়ে রাজনীতি করব না। জামায়াতের সঙ্গে অতীতে যেটা হয়েছে,  সেটি অনিচ্ছাকৃত ভুল। বিএনপি যে ধানের শীষে জামায়াতের ২২ জনকে মনোনয়ন দেবে, সেটি আমরা জানতাম না।’ গতকাল শনিবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ ীয় কমিটির এক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় বিএনপিকে জামায়াত ছাড়তে বলবেন কিনা-সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটি বলা যেতে পারে।’

সংবাদ ব্রিফিংয়ে গণফোরামের বৈঠকের বিষয়ে দলের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়। তাতে বলা হয়, ‘তাড়াতাড়ি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে অনিচ্ছাকৃত যেসব ভুল-ত্রুটি সংঘটিত হয়েছে, তা সংশোধন করে ভবিষ্যতের জন্য সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

এই বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘জামায়াতের ২২ জন প্রার্থীকে ধানের শীষের প্রতীক  দেওয়ার পরে আমরা বিএনপির কাছে এর ব্যাখ্যাও চেয়েছিলাম। জামায়াতকে ছেড়ে আসতে বিএনপিকে চাপ দেওয়া হতে পারে। অবিলম্বে আমরা এর সুরাহা চাই।’ এসময় ড. কামালের পাশে থাকা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমরা ইতোমধ্যেই বিএনপির মহাসচিবকে বলেছি। তারা বলেছে, জামায়াত ধানের শীষে নির্বাচন করেছে, ঐক্যফ্রন্টের সঙ্গে তো নাই। তারপরও আমরা বিষয়টির সুরাহা চাই।’

নির্বাচন প্রসঙ্গে ড. কামাল বলেন, সরকারি দল ছাড়া আর কেউ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা বলছে না। চাইলেও বলা সম্ভব না। আগামী দু-তিন মাসের মধ্যে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি। লিখিত বক্তব্যে গণফোরাম জানায়, আগামী ২৩ ও ২৪ মার্চ ঢাকায় দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।