ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় রুটের নদীর দুই পাড়ে শত শত গাড়ি আটকা পড়ে থাকে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ঘন কুয়াশায় ছয় ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে আটকা পড়ে চার শতাধিক যান। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটেই রয়েছে তিন শতাধিক যান। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ছোট যানবাহনের সংখ্যাই বেশি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের প্রান্তিক সহকারী মেহেদি হাসান জানান, শনিবার ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ নৌ-রুটের পদ্মা অববাহিকায় কুয়াশার চাদরে ঢেকে য়ায়। অতি কাছের কিছুও দেখতে পাচ্ছিল না ফেরি মাস্টাররা। বাধ্য হয়ে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। এ সময় কুয়াশার কারণে মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়ে রোরো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, ঠেলা ফেরি রাণীগঞ্জ, কে-টাইপ ফেরি কাকলী, কিশোরীসহ বেশ কয়েকটি ফেরি। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, বর্তমানে ১৬টি বিভিন্ন ধরনের ফেরি চলাচল করছে এ নৌ-রুটে। তবে এসব ফেরিগুলো বিরামহীনভাবে চলাচল করতে পারলে ঘাটে কোনো যানবাহন পারাপারের অপেক্ষায় থাকবে না।
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় ছোট-বড় ছয়টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার পাশাপাশি ফেরি সংকটের কারণে পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে বাস, ট্রাকসহ শত শত যানবাহন। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে মহাসড়কের ক্যানেলঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার দিনগত মধ্যরাত থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। পরে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় এক পর্যায়ে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সকাল সোয়া ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় শাহ্জালাল, কাবেরী, কুমারী, হাসনাহেনা, রজনীগন্ধা ও মাধবীলতা নামের ছয়টি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। টানা দুই ঘন্টা পর কুয়াশা কমে গেলে ওই দিন সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল ফের চালু করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘নৌপথে চলাচল করা ফেরিগুলো অনেক পুরনো। বিভিন্ন কারণে সেগুলো ঘন ঘন বিকল হয়ে পড়ছে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে ওই গাড়িগুলো আটকা পড়েছে।’